সরকার ৬৫ বছরের বেশি বয়সি প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ১০ হাজার টাকা সম্মানি ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত নীতিমালাটি চূড়ান্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নীতিমালাটি চূড়ান্ত করা হয়।
তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, নীতিমালাটি এখন প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারি হবে এবং এটি গেজেটে প্রকাশিত হওয়ার পরই কার্যকর হবে। অসচ্ছ্বল প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক সম্মানির এই ১০ হাজার টাকা বহাল রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নীতিমালার খসড়ায় সম্মানির পরিমাণ ১৫ হাজার টাকা করার প্রস্তাব করেছিল। তবে মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে তা কমিয়ে ১০ হাজার টাকাই চূড়ান্ত করে।
নীতিমালা অনুযায়ী, এই সম্মানী পেতে হলে আবেদনকারীকে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং ৬৫ বছরের বেশি বয়সি সাংবাদিক হতে হবে।
প্রাথমিকভাবে বিভাগীয় ও জেলা শহরের প্রবীণ সাংবাদিকদের এই ভাতার আওতায় আনা হবে। এরপর পর্যায়ক্রমে এর পরিধি ও ভাতার পরিমাণ বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


