সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

0
41

সিলেটের বিশ্বনাথ পৌর শহরে বিএনপির দুই কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির এবং তাহসিনা রুশদী লুনার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বাসিয়া ব্রিজের আশেপাশে চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি এবং কাউকে আটকও করা হয়নি।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের একটি পূর্ব নির্ধারিত মতবিনিময় সভা ছিল।

দুপুর থেকেই নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনার (বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা) সমর্থক নেতাকর্মীরা নানা স্লোগান দিয়ে বিশ্বনাথ পৌর শহর মুখরিত করে রেখেছিলেন। পরে তারা বাসিয়া ব্রিজের ওপর পথ সভায় মিলিত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে হুমায়ুন কবিরের গাড়িবহর বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজ অতিক্রমের সময় লুনার অনুসারীরা স্লোগান দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। সে সময় বিএনপির কয়েকজন সিনিয়র নেতার হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়। এরপরও পথে হাবড়াবাজার এলাকায় হুমায়ুন কবিরের গাড়িবহর আবারো বাধার মুখে পড়ে।

সংঘর্ষের মূল সূত্রপাত হয় রাত ৮টার দিকে। যখন হুমায়ুন কবিরের গাড়িবহর বিশ্বনাথ থানা অতিক্রম করছিল, তখন লুনার অনুসারীরা ফের বাধা দেয়। এ সময় হুমায়ুনের অনুসারীরা তাদের ধাওয়া দিয়ে নতুন বাজারের দিকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই লুনার অনুসারীরা হুমায়ুনের অনুসারীদের সঙ্গে বাসিয়া ব্রিজে এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে এবং রাত ১১টা পর্যন্ত এই সংঘাত চলে।

বিশ্বনাথ-ওসমানীনগর সার্কেলের এএসপি আশরাফ উজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর ভূমিকার কারণে বড় ধরণের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।