মেক্সিকোর মধ্য এবং পূর্ব উপকূলরেখার পাঁচটি রাজ্যে কয়েকদিনের তীব্র ঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা ৬৬ জনে দাঁড়িয়েছে। সপ্তাহান্তের তীব্র বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে। কর্তৃপক্ষ আরও ৭৫ জন নিখোঁজ থাকার খবর জানিয়েছে বলে আনাদোলু এজেন্সি নিশ্চিত করেছে।
উপসাগরীয় উপকূলীয় রাজ্য ভেরাক্রুজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য কর্তৃপক্ষের তথ্যমতে, সেখানে কমপক্ষে ৩০ জন নিহত এবং ১৮ জন এখনো নিখোঁজ রয়েছে। মধ্য মেক্সিকোর হিডালগো রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি রেকর্ড করা হয়েছে, যেখানে ২১ জন মারা গেছেন এবং ৫০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া, পুয়েবলা রাজ্যে ১৪ জন মারা গেছেন এবং সাত জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কুয়েরেতারো অঞ্চলে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সান লুইস পোটোসি রাজ্যে কোনো মৃত্যু বা নিখোঁজ ব্যক্তির খবর না পাওয়া গেলেও অবকাঠামো এবং ঘরবাড়ির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
ফেডারেল সরকার ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোকে সহায়তা করার জন্য সামরিক বাহিনী মোতায়েন করেছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর তথ্য অনুযায়ী, কমপক্ষে ৩ হাজার ৭০১ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি সংস্থা এবং বেসামরিক সংস্থাগুলো ১৯টি বিচ্ছিন্ন সম্প্রদায়সহ ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এদিকে, এই সংকটের মধ্যে একটি ‘অপ্রত্যাশিত মহল’ থেকে সমর্থন আসতে দেখা গেছে। মেক্সিকোর অন্যতম সহিংস মাদক পাচারকারী সংগঠন জালিস্কো নিউ জেনারেশন কার্টেলকে (সিজেএনজি) ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য বিতরণ করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে দেখা যায়, কার্টেল সদস্যরা কৌশলগত পোশাক পরে এবং উচ্চ-ক্ষমতার অস্ত্র হাতে ত্রাণ বিতরণ করছেন।