ভোলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ রমজান আলী রনি (চাকরিচ্যুত সাবেক পুলিশ কনস্টেবল) নামে এক ব্যক্তিকে আটক করেছে নৌবাহিনী।
রোববার (১৯ অক্টোবর) রাতে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্ট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিন ভোরে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজীপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলী রনিকে আটক করা হয়েছে। অভিযানে রনির বসতবাড়ি তল্লাশি করে ১০৩ পিস ইয়াবা, মাদক ব্যবসায় ব্যবহৃত ৮ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রনি নিজেকে ‘পুলিশের সোর্স’ বলে দাবি করতেন। বর্তমানে তিনি তার বসতবাড়ির বাগানে মাদক সেবন করতে আসা ক্রেতাদের কাছে ইয়াবা বিক্রি করতেন। লেনদেনে সমস্যা হলে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি বিপুল পরিমাণ টাকা আদায় করে নিতেন। রনিকে চাহিদামতো টাকা দিতে অসমর্থ হলে সে ডিবি পুলিশকে ফোন করে ধরিয়ে দিত বলে অভিযোগ রয়েছে।
নৌবাহিনী আরও জানিয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আসামিকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশগ্রহণ করেন।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।