সাতক্ষীরায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
43

সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাহাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের অ্যাডলিব শোরুমে চাকরি করতেন এবং প্রায় এক মাস আগে পলাশপোল এলাকায় ওই ভাড়া বাসায় উঠেছিলেন।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে ওই ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ সাংবাদিকদের জানান, হিরা তার বাসায় এক মাস ধরে ভাড়া ছিলেন এবং অ্যাডলিব শোরুমে কাজ করতেন। তিনি আজ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য শোরুম থেকেই জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।

অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান জানান, তাসলিমা তাদের স্টাফ ছিলেন এবং সোমবার তার ছুটি ছিল। সকালে তিনি যশোর যাবেন বলে জানিয়েছিলেন, তাই তারা আর খোঁজ নেননি। বিকেল ৪টার দিকে বাড়ির মালিক শুভ ফোন করে জানান, হিরা ঘরের ভেতর ঝুলে আছেন।

ম্যানেজার আরও জানান, খবর পেয়ে তাদের একজন স্টাফ ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। তবে, হিরা কেন এমনভাবে মারা গেলেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তিনি নিশ্চিত করেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বিষয়টি নিহতের পরিবারকে জানানো হয়েছে এবং তারা সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছেন।