যমুনা রেলসেতুর পিলারে ফাটল নয়, ‘হেয়ার ক্র্যাক’: রেল কর্তৃপক্ষ

0
105

যমুনা রেলসেতুর পিলারে ‘চুলাকৃতি ফাটলের’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও সেতু কর্তৃপক্ষ সেটিকে ফাটল নয়, বরং প্রচণ্ড গরমের কারণে সৃষ্ট হেয়ার ক্র্যাক বা চুলাকৃতি ফাঁকা বলে দাবি করেছে। বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনাসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে ছবিগুলো ভাইরাল হওয়ার পর এই ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারী প্রধান প্রকৌশলী নাইমুল হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, যমুনা রেলসেতুর পশ্চিম প্রান্তে আট-দশটি পিলারের নিচের অংশে কিছু জায়গায় চুলাকৃতি ফাঁকা বা হেয়ার ক্র্যাক দৃশ্যমান হয়েছে। যা ঘষে রেজিন বা আঠার প্রলেপ দিয়ে মেরামতের প্রক্রিয়া চলছে।

নাইমুল হক আরও জানান, এটি নির্মাণ কাজের কোনো ত্রুটি নয়, আবার হানিকম্বও নয়। মূলত প্রচণ্ড গরম বা বৈরী আবহাওয়ায় সেতুর পিলারে শূন্য দশমিক এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র আকৃতির হেয়ার কাট বা চুলাকৃতি ফাঁকা সৃষ্টি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এটি মোটেও সেতুর কংক্রিটের অবকাঠামো বা স্থাপনার জন্য ক্ষতিকর না। ফলে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়বে না। তার অভিযোগ, ফেসবুকে কেউ অসৎ উদ্দেশ্যে চুলাকৃতি ফাঁকা স্থানগুলো আরও বড় দেখিয়ে ছবি পোস্ট করে জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে একাধিক ফেসবুক পেজে যমুনা রেল সেতুর পিলারের ফাটলের একাধিক ছবি ছড়িয়ে পড়েছিল।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের ১৮ মার্চ সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে সেতুটির উদ্বোধন করা হয়। এতে রেলপথের সম্ভাবনাময় অগ্রযাত্রার এক নতুন দ্বার উন্মোচিত হয়। সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। যার ৭২ দশমিক ৪ শতাংশ ঋণ হিসেবে দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং বাকি অর্থ দিয়েছে সরকার। জাপানের ওটিজি এবং আইএইচআই যৌথভাবে সেতুটি নির্মাণ করেছে।