ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাওয়া মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ মিছিল শুরু করেন শিক্ষকরা।
মিছিলের নেতৃত্ব দেন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান। পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শাহবাগ থানার প্যাট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ জানান, “ইবতেদায়ি শিক্ষকেরা সচিবালয়ের দিকে জোর করে এগোতে চাইলে তাদের ছত্রভঙ্গ করা হয়।”
এ বিষয়ে শিক্ষক নেতারা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ভুখা মিছিল করছিলাম এবং সচিবালয়ে অবস্থান নিয়ে উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছিলাম। এ সময় পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে ৩০-৩৫ জন শিক্ষক আহত হয়েছেন।”
৫ দফা দাবিতে গত ১৩ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার আন্দোলন করছেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন
এমপিওভুক্তির জন্য জমা ১,০৮৯ প্রতিষ্ঠানের ফাইল অনুমোদন
অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিও আবেদন বিজ্ঞপ্তি
প্রাক-প্রাথমিক পদ সৃষ্টির ব্যবস্থা
ইবতেদায়ি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন


