আফগানিস্তান–পাকিস্তান আলোচনায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব, তালেবান সরকারকে নিশ্চিহ্নের হুঁশিয়ারি পাকিস্তানের

0
55

আফগানিস্তানের সঙ্গে চলমান আলোচনা বিফল হওয়াতে চটেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বুধবার (২৯ অক্টোবর) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, সামরিক শক্তি ব্যবহার ছাড়াই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “তালেবান সরকারকে আবার গুহায় আত্মগোপনে যেতে বাধ্য করা হবে; আমাদের সামরিক শক্তির কণামাত্রও লাগবে না।”

পাকিস্তান সরকারের তথ্যমন্ত্রী জানান, ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় কার্যকর সমাধান আসেনি। আফগান পক্ষ মূল ইস্যু থেকে সরে যাওয়ার পাশাপাশি কৌশলগত বিভ্রান্তি ও দোষারোপের পথ নিয়েছে।

পাকিস্তানের অভিযোগ, আফগান মাটিতে পাকিস্তানি তালেবান গোষ্ঠীর ঘাঁটি রয়েছে এবং তারা ইসলামাবাদে হামলা চালায়। আলোচনায় আফগান তালেবান পাকিস্তানি তালেবানকে নিয়ন্ত্রণে আনতে আপত্তি জানিয়েছে। তালেবান প্রতিনিধিরাও বলেন, “আমাদের ওপর পাকিস্তানি তালেবান নিয়ন্ত্রণ নেই”—এ নিয়ে তীব্র বাদানুবাদে আলোচনা ভেস্তে যায়।

তালেবান সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে অক্টোবরে কাবুলসহ আফগানিস্তানে পাকিস্তান বিমান হামলা চালায়। এর পাল্টায় আফগান সীমান্তজুড়ে তালেবান সরকার পাকিস্তানি সামরিক পোস্টে রিটালিয়েট করে। বর্তমানে দুদেশের সীমান্ত বন্ধ রয়েছে।

যুদ্ধবিরতির মাঝেও সাম্প্রতিক পাল্টা হামলায় পাঁচ পাকিস্তানি সেনা ও ২৫ জন পাকিস্তানি তালেবান নিহত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, “আফগানিস্তান শান্তি চায়, সেটা এখনো বিশ্বাস করি; তবে আলোচনা ব্যর্থ হলে পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত।”