‘গণভোট ছাড়া জাতীয় নির্বাচন অর্থহীন হবে’: জামায়াত আমির

0
67

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার লন্ডনে পৌঁছে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, ‘বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না’।

জামায়াত আমির এই সময় দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন এবং জানান, জামায়াত এই লড়াইয়ে সবসময় জনগণের পাশে থাকবে।

একইসঙ্গে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রবাসীদের ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো উচিত।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার বিষয়ে ডা. শফিকুর রহমান তার অবস্থান ব্যক্ত করে বলেন, ‘আমরা যেকোনো অপরাধের বিরোধী। অপরাধী যে-ই হোক না কেন—সে সেনাবাহিনীর সদস্য হোক বা অন্য কেউ—অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে’।

সংবাদ সম্মেলনে এ সময় জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলাম এবং সংগঠনের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমানের শনিবার সকালে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশগামী ফ্লাইটে রওনা হওয়ার কথা রয়েছে।