পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পুলিশ বাহিনীকে রাজনৈতিক ও কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত একটি স্বাধীন কাঠামোর অধীনে আনার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি।
আইজিপি বাহারুল আলম বলেন, “গত নভেম্বর থেকে আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার সময়টা মোটেই সুখকর ছিল না। শুরু থেকেই প্রবল প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। মাঝেমধ্যে এমন কথাও শুনতে হয়— ‘উনি কি আমাদের লোক?’”
তিনি প্রশ্ন তোলেন, “রাজনৈতিক সরকার আমাদের অভিভাবক। তাহলে কেন আমরা সেই আস্থা পাচ্ছি না যে, তারা প্রভাব ছাড়াই আমাদের কাজ করতে দেবেন? আমরা চাই, পুলিশকে রাজনৈতিক ও কার্যনির্বাহী প্রভাবমুক্ত করে একটি স্বাধীন বডির অধীনে নেওয়া হোক।”
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, “মানুষের মধ্যে এতটা ঘৃণা ও ক্রোধ জমা হয়েছিল যে পুলিশ থানা ছেড়ে পালিয়েছে— এমন ঘটনা ১৫০ বছরে ঘটেনি। স্বাধীনতা যুদ্ধেও আমাদের পালাতে হয়নি। তাহলে কেন এখন এমন হলো, আমাদের আত্মসমালোচনা দরকার।”
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো পুলিশকে এই অবস্থান থেকে মুক্ত করবে।
আইজিপি বাহারুল আলম আরও বলেন, “মামলা তদন্ত বা গ্রেপ্তারের ক্ষেত্রে যেন আমার কাছে কোনো নির্দেশনা না আসে। বিধান অনুযায়ী পুলিশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।” তিনি পুলিশের ওপর সরকারের নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ কমানোর আহ্বান জানান।