আদালতের আদেশের পর নির্বাচন কমিশন (ইসি) রবিবার (২ নভেম্বর) জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপাকে ‘হুক্কা’ দলীয় প্রতীকের অধীনে পুনরায় নিবন্ধন দিয়েছে। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি দলটিকে নিবন্ধন দিয়েছিল, তবে শর্ত পালন না করায় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি তৎকালীন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে।
নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দলটির বর্তমান সভাপতি তাসমিয়া প্রধান হাইকোর্টে রিট করেন, যা ২০২৫ সালের ১৯ মার্চে মঞ্জুর হয়। এ রায়ের প্রেক্ষিতে ইসি ২০২১ সালের প্রজ্ঞাপন বাতিল ও দলটির নিবন্ধন পুনর্বহাল করলো।
জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান ২০১৭ সালে এবং সাবেক সভানেত্রী রেহানা প্রধান ২০১৮ সালে মারা যান। এরপর তাদের মেয়ে তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব গ্রহণ করেন।
ইসি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দলটি ২০০৮ সালে নিবন্ধিত হয় (নিবন্ধন নম্বর-০৩৬), পরবর্তীতে ২০১৪ সালে নাম সংশোধন করে ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ রাখা হয়।