অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। আজ আন্দোলনের ২৪তম দিনের কর্মসূচি পালন করছেন তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা অভিযোগ করেন, সরকার প্রতিশ্রুতি দিয়েও বিমাতাসুলভ আচরণ করছে। তারা জানান, ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক সব অনুদানভুক্ত ও অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্বীকৃতি পায়। সরকারি বিধি অনুযায়ী এসব মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে।
তারা আরও বলেন, ১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সব ইবতেদায়ী মাদ্রাসা অনুদানভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র ১ হাজার ৫১৯টি মাদ্রাসা অনুদানভুক্ত হয়। বাকি স্বীকৃত মাদ্রাসাগুলোর সঙ্গে বৈষম্য এখনো চলমান।
বক্তারা দাবি জানান, বৈষম্য নিরসনে দ্রুত এমপিওভুক্তির গণবিজ্ঞপ্তি জারি করতে হবে। অন্যথায় তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলম, সদস্যসচিব মোহাম্মদ আল-আমিনসহ বিভিন্ন জেলার শিক্ষক নেতারা।