শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড়, মামলা দায়ের

0
38

কৃষি প্রণোদনার তালিকায় পছন্দের লোকদের নাম অন্তর্ভুক্ত না করায় শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার অভিযোগ উঠেছে একই উপজেলার ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমের বিরুদ্ধে।

বুধবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে তার কক্ষেই এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলু অফিসে এসে জানতে চান, কেন তিনি এখনো বদলি হচ্ছেন না, কারা প্রণোদনা পেয়েছে এবং “নেতাদের ভাগ কত”। তারা “ছাত্রদলের ভাগ” দাবি করেন।

মেহেদী জানান, সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য, এখানে রাজনৈতিকভাবে কাউকে ভাগ দেওয়ার সুযোগ নেই। এই জবাবে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার ওপর হামলা করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কৃষি কর্মকর্তার কক্ষে প্রবেশ করে কথা কাটাকাটির একপর্যায়ে রাহাত ওই কর্মকর্তাকে থাপ্পড় মারেন। পরে আবার হামলা করলে উপস্থিত লোকজন তাদের থামানোর চেষ্টা করে।

ঘটনায় রাহাত হাসান কাইয়ুম (ধুকুরিয়া গ্রামের সুরুজ মোওলার ছেলে) ও তার সহযোগী ফজলুকে (একই গ্রামের সিরাজুল হকের ছেলে) আসামি করে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা বলেন, “এ ঘটনায় ইতোমধ্যে মামলা গ্রহণ করা হয়েছে। একইসাথে আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে, রাতেই কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় কৃষি কর্মকর্তার প্রত্যাহার দাবি করে নকলা শহরে মিছিল করে রাহাত হাসান কাইয়ুমের অনুসারীরা।

অপরদিকে, বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করে বিবৃতি দিয়েছে।

এসব বিষয়ে জানতে রাহাত হাসান কাইয়ুমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।