পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আজ শনিবার (৮ নভেম্বর) সকালে রিখটার স্কেলে ৫ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুসারে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পাকিস্তান মিটিওরোলজিকাল ডিপার্টমেন্টের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৬৭ কিলোমিটার উত্তর-পূর্বে।
প্রাথমিকভাবে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
আগের ভূমিকম্পের রেশ একের পর এক ভূমিকম্পে যখন অঞ্চলটি কাঁপছে, ঠিক তখনই এই ঘটনা ঘটল। এর আগে গত সোমবার (৩ নভেম্বর) পার্শ্ববর্তী আফগানিস্তানের মাজার-ই-শরীফ এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে শতাধিক হতাহতের ঘটনা ঘটেছিল।
উল্লেখ্য, বেলুচিস্তান প্রদেশটি ভূতাত্ত্বিকভাবে স্পর্শকাতর এলাকায় অবস্থিত। ২০০৮ সালে বেলুচিস্তানের জিয়ারাতে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল, যেখানে দুই শতাধিক মানুষ নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়েছিলেন।