ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে মাইলফলক হিসেবে দেখছে ইসি

0
63

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নির্বাচন কমিশনের জন্য একটি ‘মাইলফলক’। তিনি উল্লেখ করেন, একদিকে সারা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে, অন্যদিকে সমগ্র দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

সিইসি এ এম এম নাসির উদ্দিন তরুণ সমাজের বিশেষ আগ্রহকে আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করে বলেন, “আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন।”

কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মিথ্যা তথ্যের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হওয়ার বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, “আমাদের সকলের দায়িত্ব উড়ো কোনো খবর অন্ধভাবে বিশ্বাস করে যেন বিভ্রান্ত না হই। সত্যিকারের নির্ভরযোগ্য উৎস হতে খবর সংগ্রহ করতে হবে। প্রয়োজনে সরাসরি ইসি অফিসে বা উপযুক্ত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।”

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ জেন্ডার বান্ধব নির্বাচন প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “দেশের নাগরিক সে পুরুষ হোক, মহিলা হোক ভোট প্রদান করা প্রত্যেক নাগরিকের অধিকার। আর কাউকে অধিকার বঞ্চিত করার অধিকার আমাদের কারো নেই।” তিনি দেশের সকল জনসাধারণের সর্বাধিক ভোট প্রদানের বিষয়টি নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার প্রত্যেক প্রার্থী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধি বিধান কঠোরভাবে মেনে চলেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে বলেন, “প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমবারের মতো প্রবাস থেকে আপনাদের ভোট নিশ্চিত কল্পে ইসি একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি আপনাদের সবার সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে।”