চলতি বছরে ১৮ হাজার বাংলাদেশি অবৈধ পথে ইতালি গেছেন: ইতালির রাষ্ট্রদূত

0
84

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, ২০২৫ সালে লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালিতে প্রবেশ করেছেন প্রায় ১৮ হাজার বাংলাদেশি নাগরিক। একই সময়ে ৯ হাজার বাংলাদেশিকে বৈধভাবে ভিসা দেওয়া হয়েছে।

তিনি বলেন, অনেক বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, কিন্তু বেশিরভাগেরই পর্যাপ্ত কারণ বা কাগজপত্র থাকে না। এতে বাংলাদেশের পাসপোর্টের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্রদূতের মতে, অনেকেই ইচ্ছাকৃতভাবে দালালকে অর্থ দিয়ে অবৈধ পথে ইউরোপে যাচ্ছেন।

ইতালি বৈধ অভিবাসনকে উৎসাহিত করতে চায় এবং অবৈধভাবে যাওয়া নাগরিকদের প্রত্যাবাসনের হার বাড়ানোর পরিকল্পনা করছে। এ বছরই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালি ৫৩০টি শিক্ষাভিসা দিয়েছে— যা আগের বছরের তুলনায় অনেক বেশি।

রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচনের বিষয়ে আশা প্রকাশ করে বলেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, এবং এতে স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি আরও বলেন, বাংলাদেশের পাবলিক ডকুমেন্টের বিশ্বাসযোগ্যতা ও শুল্ক হার বিদেশি বিনিয়োগের বড় বাধা।

এছাড়া তিনি জানান, ইতালি ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে, তবে ইতালি কোনও দেশের কাছে অপ্রয়োজনে অস্ত্র বিক্রি করে না। ভবিষ্যতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা সফর হওয়ার সম্ভাবনাও রয়েছে।