ছাত্র আন্দোলন দমনে যুক্ত থাকা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

0
42

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের ওপর হামলা, সাভার-আশুলিয়া অঞ্চলে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যা এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ হোসেন যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টায় সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আকাশ হোসেন যুব (২৬) ঢাকা জেলার নবাবগঞ্জ থানার উত্তর বালুরখন্দ এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ৪ নং সহ-সভাপতি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের অনুসারী।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আকাশ হোসেন যুবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সাভার-আশুলিয়া এলাকায় আন্দোলনকারীদের গুলি করে হত্যা, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুব স্বীকার করেছেন যে, বৈষম্য বিরোধী আন্দোলন দমনে তার ব্যাপক ভূমিকা ছিল।

পুলিশ আরও জানিয়েছে, যুবকে জিজ্ঞাসাবাদে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নাশকতার অংশ হিসেবে প্রফেশনাল ভাড়াটে অপরাধীদের দিয়ে সাভার ও আশুলিয়ায় বিশৃঙ্খলার পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “গ্রেপ্তার আকাশ হোসেন যুবকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”