কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের কর্মসূচি এবং সাম্প্রতিক জ্বালাও-পোড়াওয়ের প্রেক্ষাপটে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগরীর ধানমন্ডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একইসঙ্গে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ধানমন্ডি এলাকায় দেখা যায়, পুলিশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি করছে। পথচারীদের শরীর ও ব্যাগ পরীক্ষা করা হচ্ছে এবং সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে মাথায় রেখে ধানমন্ডি-৩২ সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, “আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। সারাদেশে কোথাও কেউ যেন নাশকতা করতে না পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহভাজকদের জিজ্ঞাসাবাদ করছি আমরা। তল্লাশিও করা হচ্ছে কাউকে কাউকে। কোনোভাবেই আমরা ঢাকার পরিস্থিতি অস্বাভাবিক হতে দেব না।”
সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আজ বুধবার রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় মোট ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার।
বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান: রাজধানী ঢাকাতে ১২ প্লাটুন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে উভয় জায়গায় এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক সংবাদ সম্মেলনে জনগণের প্রতি আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ১৩ নভেম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রস্তুত আছি। ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো।”
কমিশনার আরও বলেন, “একটি দুটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে। ঢাকাবাসী আমাদের সঙ্গে আছে। তাই কোনও অঘটন ঘটলে তা মোকাবিলার সক্ষমতা আমাদের রয়েছে। আগামী ১৩ নভেম্বর পুলিশসহ রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন থাকবে।”
প্রসঙ্গত, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েক দিনে ঢাকায় একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরই মধ্যে গাজীপুরেও এক রাতে ৩টি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।