জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানিদের আনুষ্ঠানিকভাবে অমুসলিম ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি দাবি করেন, এই বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বের কোথাও কোনো দ্বিমত নেই।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এই ঘোষণা দেন।
রফিকুল ইসলাম খান সমাবেশে বলেন, “আজকের এই সমাবেশে শুধু বাংলাদেশের মুসলমান নয়— গোটা মুসলিম বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়ে সবার অবস্থান এক।”
তিনি ইসলামি আকিদার ওপর জোর দিয়ে বলেন, “রাসুল (সা.) বহু হাদিসে ঘোষণা দিয়েছেন— তিনিই শেষ নবী, তার পরে আর কোনো নবী আসবে না। এই আকিদা ইসলামি উম্মাহর সর্বসম্মত বিশ্বাস।” এরপর তিনি ঘোষণা করেন, “বাংলাদেশের জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।”
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে এই মহাসম্মেলনটি আয়োজন করে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ। এ উপলক্ষে ফজরের পর থেকেই আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদি জনতা দলে দলে সম্মেলনস্থলে আসতে শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, সমাবেশে আসা মানুষের ঢলে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরে গেছে।
সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সম্মেলন দুপুর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।