পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে ভোলা ও বরিশালগামী যাত্রীদের চাপ বেড়েছে। তবে বরিশাল রুটে লঞ্চ সংকট, দীর্ঘ সময় অপেক্ষা, পল্টুনে স্থান সংকট ও অচল টয়লেটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পাশাপাশি ঝুঁকি নিয়ে স্পিডবোটে যাত্রী পারাপারও চলছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে মজুচৌধুরীর হাট লঞ্চঘাট ঘুরে যাত্রীদের ভোগান্তির এমন চিত্র দেখা যায়।
মেঘনা নদীপথের লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। ঈদ ও সরকারি ছুটিকে কেন্দ্র করে এ রুটে যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যায়।
যাত্রীরা জানান, ভোলা রুটে একাধিক লঞ্চ চলাচল করলেও বরিশাল রুটে রয়েছে মাত্র একটি লঞ্চ, এমভি পারিজাত। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টা ১০ মিনিটে লঞ্চটির ছেড়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ঘাটে পৌঁছায়নি। পরে দুপুর দেড়টার দিকে লঞ্চটি আসে। এতে বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
পল্টুনে পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকা এবং একমাত্র টয়লেটটি ব্যবহার অনুপযোগী থাকায় নারী ও শিশু যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন বলে অভিযোগ করেন যাত্রীরা।
এদিকে ঘাট এলাকায় অবৈধভাবে স্পিডবোটে যাত্রী পারাপার চলতে দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, নৌপুলিশ থাকলেও ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আব্দুর রহমান ও ঘাট ইজারাদার আমির আহম্মেদ রাজু জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এমভি পারিজাত ভোলার ইলিশা ঘাটে আটকে পড়েছিল। পরে ত্রুটি মেরামত শেষে ঘাটে পৌঁছাতে দেরি হয়।
টয়লেটটি যাত্রীরাই নষ্ট করেছেন উল্লেখ করে তারা জানান, দ্রুত এটি পরিষ্কার ও ব্যবহার উপযোগী করা হবে।