অনিশ্চয়তার মধ্যেও নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে: মির্জা ফখরুল

0
102

বিভ্রান্তি, হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও জাতীয় নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা এখন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “যা–ই হোক, অনেক বিভ্রান্তি, অনেক হতাশা ও অনিশ্চয়তার মধ্য দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন হবে।”

তিনি অভিযোগ করেন, “এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজ পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়। তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত, বন্ধ, বিলম্বিত করতে চায়।”

বিএনপির মহাসচিবের মতে, এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো একটি নির্বাচিত সরকার, যার পেছনে জনগণ থাকবে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি কালবিলম্ব না করে নির্বাচনপ্রক্রিয়াকে সমর্থন জানিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার আহ্বান জানান।

দেশের অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার না থাকলে অর্থনীতির অবস্থা আরও খারাপ হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ হচ্ছে এবং নির্বাচিত সরকার না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

তিনি রাজনৈতিক বিভাজন ও অস্থিরতার সুযোগে একটি গোষ্ঠীর নৈরাজ্য তৈরির আশঙ্কার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আগামীকাল সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে।”

সবশেষে তিনি বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচনের বিষয়ে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি।