নোয়াখালী-২ আসনে প্রার্থী পরিবর্তন দাবিতে মশাল মিছিল, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

0
116

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছেন মনোনয়নবঞ্চিত নেতা কাজী মফিজুর রহমানের সমর্থকরা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেনবাগ উপজেলা সদরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ এলাকার একটি কার্যালয় থেকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা গেট, হাইস্কুল গেট, প্রেসক্লাব, থানা মোড়সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে যায়।

পরে থানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলীয় প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচি ঘিরে এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মশাল মিছিলের বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন বিএনপি নেতা কাজী মফিজুর রহমান। তিনি বর্তমানে ঢাকায় আছেন। তিনি বলেন, “প্রার্থী ঘোষণার পর থেকেই আমার অনুসারীসহ সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছে। তারা নানা কর্মসূচি করছে।”

তিনি দাবি করেন, বিগত সরকারের সময়ে তার বিরুদ্ধে ১৭টি মামলা হয় এবং তিনি কারাবরণও করেছেন। গত ১৬ বছর ধরে তিনি নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে ছিলেন। এ কারণে তাকে মনোনয়ন না দেওয়ায় স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, সেনবাগ বিএনপির রাজনীতিতে কাজী মফিজুর রহমান ও জয়নুল আবদিন ফারুকের দ্বন্দ্ব দুই দশকের বেশি সময়ের।

ক্ষমতায় থাকার সময় তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং এক যুগ আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

জয়নুল আবদিন ফারুক (মনোনীত প্রার্থী) আগামী জাতীয় নির্বাচনে নোয়াখালী–২ আসনে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি এর আগে পাঁচবার এই আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, একই দিন দুপুরে নির্বাচনি এলাকায় বিশাল মোটর শোভাযাত্রা করেন দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। প্রায় এক হাজার মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে জয়নুল আবদিন ফারুক মনোনয়নবঞ্চিতদের উদ্দেশে বলেন, “গণভোট, পিআর এসব কথা বলে বিভ্রান্তি না ছড়িয়ে ভোটের মাঠে নামুন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তার পরীক্ষা দিন।”