বাংলাদেশের ক্রিকেটে আজ এক অনন্য ঐতিহাসিক দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি দিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়েছে। এই ঐতিহাসিক ম্যাচে টস জিতে স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
২০০৫ সালে অভিষেক হওয়া মুশফিকুর রহিম এই শততম টেস্টের মধ্য দিয়ে সাদা পোশাকে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় করলেন। দেশের ক্রিকেটের এই অন্যতম সেরা তারকার শততম ম্যাচটি স্মরণীয় করে রাখতে বাংলাদেশ দল চাইবে আইরিশদের বিপক্ষে দাপুটে জয় নিশ্চিত করে দুই ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে। প্রথম টেস্টে বাংলাদেশ দাপুটে জয় পেয়েছিল।
সিলেট টেস্টের বিজয়ী একাদশ থেকে এদিন দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের পরিবর্তে প্রায় সাড়ে চার মাস পর দলে ফিরেছেন পেসার ইবাদত হোসেন এবং প্রায় সাত মাস পর একাদশে সুযোগ পেয়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ।