ভূমিকম্পে আতঙ্কে গাজীপুরের কারখানায় হুড়োহুড়ি, অন্তত ৩০ শ্রমিক আহত

0
29

গাজীপুরসহ সারাদেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ভূমিকম্পের সময় একটি কারখানায় শ্রমিকরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানাটিতে শুক্রবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ভূমিকম্প শুরু হতেই উঁচু ভবনগুলো দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্পকারখানা ও দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় বেরিয়ে আসে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী, জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়াসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পের পর মোবাইল নেটওয়ার্কে চাপ বৃদ্ধি পায়। এতে কলড্রপ ও নেটওয়ার্ক অস্থিরতার পাশাপাশি কোনাবাড়ী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, কড্ডা ও সালনাসহ নানা জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। অনেক প্রতিষ্ঠান সতর্কতার অংশ হিসেবে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখে।

ইটাহাটা এলাকার কোস্ট টু কোস্ট কারখানায় দুলুনি অনুভূত হতেই শ্রমিকরা আতঙ্কে নিচে নামতে শুরু করলে হুড়োহুড়ির কারণে অন্তত ৩০ শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় ছুটি ঘোষণা করে। কারখানার ব্যবস্থাপক আকরাম হোসেন জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে শুক্রবার কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের টিম মাঠে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, বড় ধরনের ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কিছু শ্রমিক হুড়োহুড়ি করতে গিয়ে আহত হয়েছেন। জেলা প্রশাসনের টিম বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি আশা প্রকাশ করেন, সামগ্রিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে।