বাংলাদেশ পুলিশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) পদায়নের পর এবার আরও অন্তত ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। নবভাবে বদলি হওয়া এই কর্মকর্তাদের বেশিরভাগকেই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে ৬৪ জেলার পুলিশ সুপারদের পাশাপাশি সদ্য রদবদল হওয়া এসব কর্মকর্তা নির্বাচনী দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এই পুনর্বিন্যাসকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।