ইমরান খান আদিয়ালা কারাগারেই সুস্থ আছেন: কারা কর্তৃপক্ষ

0
30

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই আছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার (২৬ নভেম্বর) ইমরান খানকে গোপনে আদিয়ালা কারাগার থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ার পর কারা কর্তৃপক্ষ এই বিবৃতি দেয়।

আদিয়ালা কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে।”

২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রের গোপন নথি ফাঁস, এবং সেনাবাহিনীর সদর দপ্তরে হামলার মতো গুরুতর অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। নানা নাটকীয়তার পর ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। একবার মুক্তি পেলেও পরবর্তীতে আবার গ্রেপ্তার হন তিনি এবং ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জেলেই আছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বলেন যে, তিনি (আসিফ) কারাগারে থাকার সময় যে সুবিধা পেতেন, ইমরান খান তার চেয়েও বেশি সুবিধা পাচ্ছেন।

খাজা আসিফ দাবি করেন: “তার জন্য যে খাবার আসে সেটির মেন্যু দেখুন। এগুলো পাঁচ তারকা হোটেলেও নেই।” কারাগারে তার জন্য টেলিভিশনও আছে। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের যন্ত্রাংশও আছে। সাবেক প্রধানমন্ত্রীর জন্য ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে।

সূত্র: জিও টিভি