ফিলিস্তিনিদের জন্য মানবিক উদ্যোগ, বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে রোগীদের বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইউরোপ পুরস্কার পেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
বুধবার (২৬ নভেম্বর) আঙ্কারায় ডব্লিউএইচওর ইউরোপ অঞ্চলের আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগে তার হাতে এই পুরস্কার তুলে দেন। খবর—টিআরটি ওয়ার্ল্ড।
পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে এরদোয়ান গাজায় গত দুই বছর ধরে হাসপাতাল ধ্বংস, রোগী হত্যা, স্বাস্থ্যকর্মী ও শিশুদের ওপর ইসরায়েলি হামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন— “গাজার হাসপাতালগুলোতে বোমা হামলা এবং রোগী, স্বাস্থ্যকর্মী, শিশু এমনকি ইনকিউবেটারে থাকা নবজাতকদের হত্যার বাস্তবতা থেকে বিশ্বের দৃষ্টি সরানো সহজ হবে না।”
আরও বলেন— “যেদিন পৃথিবীর মানুষ একটি জীবন বাঁচানোর আনন্দ সম্মিলিতভাবে ভাগ করে নেবে, সেদিন পৃথিবী স্বর্গে পরিণত হবে।”
ডব্লিউএইচও জানিয়েছে— ইসরায়েল গাজায় আহত ও অসুস্থ ফিলিস্তিনিদের বিদেশে চিকিৎসার জন্য বের হতে দিচ্ছে না। চিকিৎসার অভাবে ইতোমধ্যে ৯০০ জন মারা গেছেন। বর্তমানে প্রায় ১৬,৫০০ রোগী গাজা ছাড়ার অপেক্ষায় আছেন। হাসপাতালগুলো জ্বালানি, ওষুধ ও জরুরি উপকরণের সংকটে ধারণক্ষমতার অনেক বাইরে রোগী বহন করছে।
ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গাজা থেকে রোগী স্থানান্তরের পথ খুলে দেওয়ার জোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন— “অপেক্ষায় রেখে মানুষের জীবন ও সুস্থতা ঝুঁকির মুখে ফেলা অমানবিক।”