‘ভিন্ন মত প্রকাশ করলেই শত্রু ভাবা হয়’: মির্জা ফখরুল

0
34

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ভিন্ন মত প্রকাশ করলেই তাকে শত্রু হিসেবে দেখা হয় এবং মিথ্যা অপপ্রচার চালানো হয়। এ ধরনের প্রবণতা থেকে সবারই বিরত থাকা উচিত।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুরো জাতি এখন ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায় আছে—যার মাধ্যমে দেশ গণতান্ত্রিক পরিবেশে ফিরতে পারে। আর গণতন্ত্রে ফেরার জন্য গণমাধ্যমের স্বাধীনতাকে গুরুত্ব দিতে হবে। তার ভাষায়, “গণতন্ত্রে সব বিষয়ে ঐক্য নাও হতে পারে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতাকে অবশ্যই সম্মান করতে হবে।”

মির্জা ফখরুল আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে যেভাবে অপপ্রচার চালানো হয় তাতে গণতন্ত্র শক্তিশালী হয় না। তিনি দাবি করেন, বিএনপি একটি প্রমাণিত রাজনৈতিক দল—দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বন্ধ থাকা পত্রিকা চালু করেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়াও গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “চাকরিসহ অন্যান্য ক্ষেত্রে নিজেদের অধিকার শক্তিশালী করতে হলে নিজেদের ইউনিয়নকে শক্তিশালী করতে হবে। কোনো দলের লেজুড়বৃত্তি নয়; নিজেদের শক্তি নিয়েই দাঁড়াতে হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।