ধামরাইয়ে পার্কিং করা বাসে আগুন

0
49

ঢাকার ধামরাইয়ে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। বাসটিতে সে সময় কোনো যাত্রী বা চালক না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে বাসটি পার্ক করে চালক চলে যান। এর কিছুক্ষণ পরেই হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও বাসের চালক মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান, তবে তার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিভে যায়।

এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার শামসুল হক বলেন, ‘রাত ১২টার দিকে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বাসটি রাস্তার পাশে পার্কিং করা অবস্থায় ছিল এবং ভেতরে কেউ ছিল না, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি জানান, বাসের চালকের দাবি—দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাসটিতে আগুন দিয়েছে। অগ্নিকাণ্ডে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।