যুব ফুটবলে নতুন ইতিহাস গড়ল ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে তারা। ৪৮ দলের এই টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল পর্তুগিজরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দোহার ফাইনালে ম্যাচের ভাগ্য গড়ে দেয় প্রথমার্ধের একমাত্র গোলটি। এর আগে ১৯৮৯ সালে যুব বিশ্বকাপে তৃতীয় হওয়াটাই ছিল পর্তুগালের সেরা সাফল্য। তিন দশকেরও বেশি সময় পর সেই আক্ষেপ ঘুচিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরল তারা।
জয়ের নায়ক কাবরাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। খেলার ৩২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। অফসাইডের ফাঁদ এড়িয়ে প্রতিপক্ষের ডি-বক্সে বল পান বেনফিকা ফরোয়ার্ড আনিসিও কাবরাল। দুর্দান্ত দক্ষতায় খালি জালে বল জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন তিনি। টুর্নামেন্টে এটি ছিল কাবরালের সপ্তম গোল। অস্ট্রিয়ার জোহানেস মোসার (৮ গোল) গোল্ডেন বল জিতলেও, দলীয় ট্রফি জয়ের উল্লাসে মাতেন কাবরাল ও তার সতীর্থরা।
ম্যাচ পরিসংখ্যান ও ফাউলের ছড়াছড়ি পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল পর্তুগালের। ৫৮ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা। তাদের নেওয়া ১০টি শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, অস্ট্রিয়া ৪২ শতাংশ বল দখলে রেখে ৮টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে। তবে ফাইনাল ম্যাচটিতে ফাউলের আধিক্য ছিল চোখে পড়ার মতো; দুই দল মিলে মোট ৪৩টি ফাউল করেছে।
ব্রাজিলকে হারিয়ে তৃতীয় ইতালি দিনের অন্য ম্যাচে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইতালি ও ব্রাজিল। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ইতালির গোলরক্ষক আলেসান্দ্রো লঙ্গোনি দুটি শট ঠেকিয়ে নায়ক বনে যান। পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান নিশ্চিত করে ইতালি।