আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হলে বিএনপিসহ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনকারী সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই সরকার গঠন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতিকে যারা বিভক্ত করে, তারাই জাতির দুশমন। তিনি এও দাবি করেন যে, বিগত শাসকদের মতো জনগণের সম্পদ চুরি বা দুর্নীতির কোনো ‘অভিজ্ঞতা’ তার দলের নেই।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসন আয়োজিত যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় ঐক্য ও সরকার গঠন ডা. শফিকুর রহমান বলেন, ‘‘ইনশাআল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জনগণ যদি আমাদের নির্বাচিত করে, তবে আমরা কাউকে বাদ দেব না। বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব দলকে সঙ্গে নিয়েই দেশ গড়া হবে।’’
অন্যান্য দলের অবস্থানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কেউ কেউ জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে সরকার গঠনের কথা বললেও, জামায়াত সেই পথে হাঁটবে না। তিনি বলেন, ‘‘আমরা এখন থেকেই তাদের অভিনন্দন জানানোর প্রস্তুতি নিচ্ছি। জনগণ যাদের বেছে নেবে, তাদের সঙ্গে নিয়েই আমরা দেশ গড়ব।’’
নির্বাচন প্রসঙ্গ নির্বাচনের সময়সীমা নিয়ে আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমির বলেন, ‘‘আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি ও বক্তব্যে আস্থা রাখবে, তাদেরই বেছে নেবে।’’
দুর্নীতি ও সুশাসন সমাবেশে তিনি পুরোনো রাজনীতির তীব্র সমালোচনা করেন এবং নতুন ফর্মুলায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দাবি করেন, ‘‘জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা জামায়াতে ইসলামীর নেতাদের নেই। আমাদের কর্মীদের দিয়ে চাঁদাবাজি বা শিক্ষাপ্রতিষ্ঠানে ত্রাস সৃষ্টির অভিজ্ঞতাও আমাদের নেই।’’ তিনি উল্লেখ করেন, দেশ থেকে দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির মতো ‘ফ্যাসিবাদের লক্ষণ’ এখনো পুরোপুরি দূর হয়নি।
দেশপ্রেম ও আত্মত্যাগ বক্তব্যের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত নেতারা কখনো দেশ ছেড়ে পালায়নি। তিনি বলেন, ‘‘আমরা দেশের ভেতরেই মুহাজির ছিলাম। দেশের মাটি কামড়ে ধরেছি, জেল খেটেছি, জীবন দিয়েছি; কিন্তু দেশ ছেড়ে যাইনি। কারণ আমরা এই দেশ, এই মাটি ও মানুষকে ভালোবাসি।’’
দেশের বিপুল প্রাকৃতিক সম্পদ থাকার পরও বাংলাদেশ কেন বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, তা নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন এবং এর জন্য নেতৃত্বের ব্যর্থতাকে দায়ী করেন।