জাতীয় নির্বাচন–গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তুতি: ঢাকায় ইসির মক ভোটিং

0
89

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনের সম্ভাবনা সামনে রেখে পুরো প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করতে নির্বাচন কমিশন (ইসি) ঢাকায় মক ভোটিং শুরু করেছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলবে এই পরীক্ষামূলক ভোটগ্রহণ। এতে নারী-পুরুষ মিলিয়ে মোট ৫০০ ভোটার অংশ নিচ্ছেন।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করতে হলে আগেভাগে পুরো প্রস্তুতিপর্ব পরীক্ষা করা প্রয়োজন। মক ভোটের ফল দেখে কেন্দ্র বাড়ানোর দরকার আছে কি না, ভোটকক্ষ বা জনবল সমন্বয় প্রয়োজন কি না—এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সূত্র জানায়, সাধারণ ভোটারের পাশাপাশি মক ভোটিংয়ে অংশ নিচ্ছেন সিনিয়র নাগরিক, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া সম্প্রদায়ের ভোটার, প্রতিবন্ধী ব্যক্তি এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)–এর প্রকল্পভুক্ত ভোটাররা।

মক ভোটিং পরিচালনায় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন ঢাকার আঞ্চলিক কর্মকর্তা। তার সঙ্গে রয়েছেন দুজন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে ছয়জন প্রিজাইডিং অফিসার, পাঁচটি কেন্দ্রে ১০ জন পোলিং অফিসার এবং ২০ জন কর্মকর্তা পোলিং এজেন্ট হিসেবে কাজ করছেন।

পর্যবেক্ষক হিসেবে মাঠে রয়েছে আন্তর্জাতিক সংস্থা আইএফইএস, আর দেশি পর্যবেক্ষকদের মধ্যে আছে বিবি আছিয়া ফাউন্ডেশন ও বিয়ান মনি সোসাইটি।