খুলনায় আদালত চত্বরে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে দুইজনকে হত্যা

0
61

খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনায় পুরো আদালত চত্বরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহতরা হলেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। তারা মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিয়ে বের হচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা শেষে আদালত ভবন থেকে বের হওয়ার সময় ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। এরপর চাপাতি দিয়ে কুপিয়ে দ্রুত দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায় হামলাকারীরা।

গুরুতর আহত অবস্থায় রাজন ও হাসিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নৃশংস এই হত্যাকাণ্ডের পর আদালত এলাকায় ছুটে যান পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম জানান, ঘটনাস্থল থেকে রক্ত, একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আদালত চত্বরে দিনের আলোয় এমন হত্যাকাণ্ডে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা।