পদোন্নতি ও বেতন-ভাতাসহ চার দফা দাবিতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের কর্মসূচি ঘোষণা 

0
25

পদোন্নতি, ১০ম গ্রেড প্রদান, মন্ত্রণালয় থেকে শতভাগ বেতন–ভাতা এবং শতভাগ আনুতোষিক প্রদানের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা সমিতি।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ক্র্যাব ভবনের তৃতীয় তলার কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. আলতাব হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মোমিন, উপস্থাপনায় ছিলেন দপ্তর সম্পাদক মো. গিয়াস উদ্দিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি বাস্তবায়নে তিনদফা স্মারকলিপি প্রদান করা হবে। আগামী ৪ ডিসেম্বর দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে, ৮ ডিসেম্বর সব বিভাগীয় কমিশনারের মাধ্যমে এবং ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেবে সংগঠনটি।

সংগঠনের নেতারা জানান, ২২ ডিসেম্বরের মধ্যে সরকার কোনো ব্যবস্থা না নিলে ২৩ ও ২৪ ডিসেম্বর সারা দেশের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একযোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে আগামী ৭ জানুয়ারি জাতীয় শহীদ মিনার চত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে লাগাতার বৃহত্তর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।