গুমের মামলায় সেনাবাহিনীকে নয়, ব্যক্তিগত অপরাধকেই বিচার করা হচ্ছে: চিফ প্রসিকিউটর

0
20

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চলমান গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে বিচার চলছে, তা দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বিচার নয়; বরং ব্যক্তিগত পর্যায়ে গুরুতর মানবতাবিরোধী অপরাধে জড়িত সন্দেহভাজনদের বিচারের প্রক্রিয়া মাত্র।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অভিযোগ গঠন শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, র‍্যাবের কিছু কর্মকর্তার ভার্চ্যুয়াল হাজিরার জন্য আসামিপক্ষের এক আইনজীবী আবেদন করলেও ট্রাইব্যুনাল তা নামঞ্জুর করেছে। অথচ আসামিপক্ষ এই বিচারকে সেনাবাহিনীর সঙ্গে ‘মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে’, যা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন তিনি।

তাজুল ইসলাম আরও বলেন, অভিযোগ গঠনের শুনানিতে আদালত স্পষ্ট করেছে—এ বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। অভিযুক্তরা সামরিক শৃঙ্খলার বাইরে র‌্যাবে কর্মরত অবস্থায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগেই তাদের বিরুদ্ধে মামলা চলছে। তাই বিশেষ সুবিধার দাবি আদালত প্রত্যাখ্যান করেছে।

তিনি জানান, আইনের চোখে সব নাগরিক সমান। গুরুতর অভিযোগে অভিযুক্ত হলেও আদালতের রায়ে দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত তারা নির্দোষ। তবে তারা অন্য আসামিদের মতো সাধারণ আইনানুগ সুবিধাই পাবেন, অতিরিক্ত নয়।