ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি এবং গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না। শোক প্রকাশের পাশাপাশি তিনি হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের নামে যেকোনো ধরণের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও সহিংসতা থেকে সবাইকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী ও অকুতোভয় দেশপ্রেমিক, যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তিনি একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই লড়াইয়ে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার এই অকাল প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। মান্না মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। হত্যাকারীরা যদি দেশ ছেড়ে পালিয়ে থাকে, তবে তার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে এবং তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
হাদির মৃত্যুর পর প্রথম আলো, ডেইলি স্টার এবং উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, ওসমান হাদির লড়াই ছিল একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। তাই এ ধরনের সহিংস ও বর্বর কর্মকাণ্ড কখনোই তার সংগ্রামের লক্ষ্য হতে পারে না। তিনি স্পষ্ট করে বলেন, যারা মব বা উশৃঙ্খল জনতাকে উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের দুরভিসন্ধি রুখে দিতে হবে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের কোনো ফাঁদে পা না দিয়ে সবাইকে শান্ত থাকার এবং হাদির অসমাপ্ত কাজ সমাপ্ত করতে গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।