খুলনায় শ্রমিক শক্তি নেতা মোতালেব গুলিবিদ্ধ, অবস্থা গুরুতর

0
48

খুলনায় এনসিপির অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোতালেবকে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার নিরাপত্তায় হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, একটি গুলি তার মাথার বাম পাশে লেগে চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম বলেন, “গুলিটি তার মাথার ভেতরে ঢোকেনি, চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। তবে এখনও তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত নন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

মোতালেবের স্ত্রী ফাহিমা তাসলিম জানান, একজন অটোরিকশাচালক তাকে ফোন করে গুলির খবর দেন। তারাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরিবারের দাবি, মোতালেব সিকদারের ব্যক্তিগত কোনো শত্রু নেই; রাজনীতির কারণে তার ওপর এই হামলা হতে পারে।

এদিকে, এনসিপির নেতৃবৃন্দ দাবি করেছেন, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি দীর্ঘদিন ধরে উদ্বেগজনক। ঢাকায় হাদির হত্যাকাণ্ডের পর খুলনায় এই নেতার ওপর হামলা নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “সোনাডাঙ্গার মোল্লাবাড়ি এলাকায় ‘মুক্তা হাউজ’ নামের একটি বাড়িতে গুলিবিদ্ধের ঘটনাটি ঘটে। ওই বাড়ির একটি কক্ষ থেকে মাদকের বিভিন্ন উপকরণ ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দোষীদের আটকের চেষ্টা করছে।”