“যেখানে আমার মায়ের পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে”: তারেক রহমান

0
81

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি; যেখানে আমার মায়ের পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে।” তিনি আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে এই বক্তব্য রাখেন।

পোস্টে তারেক রহমান বলেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় তিনি তার প্রিয় মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি।

তিনি যোগ করেন, লাখ-লাখ নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছে, যা তাকে স্মরণ করিয়ে দিয়েছে, খালেদা জিয়া কেবল তার মা ছিলেন না, বরং সমগ্র জাতির মা ছিলেন।

তারেক রহমান আরও উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি ও বৈশ্বিক কূটনীতিক সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তিনি তাদের প্রতি কৃতজ্ঞ।

শোকের মুহূর্তে বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকেও স্মরণ করে তিনি বলেন, এত মানুষের ভালোবাসায় ভরা এই সময়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে।

তিনি বলেন, “আমার মা সারাজীবন মানুষের সেবা করেছেন। তার দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। যেখানে তার পথচলা থেমেছে, সেই পথযাত্রা এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।” শেষবারে তিনি প্রার্থনা করেন, আল্লাহ তার মায়ের রূহকে শান্তি দান করুন এবং তার উদারতা, ত্যাগ ও ভালোবাসার উদাহরণ থেকে সকলেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম পাই।