ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটি আংশিক) আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বের তথ্য হলফনামায় অসম্পূর্ণ থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান বৃহস্পতিবার (১ জানুয়ারি) তাঁর মনোনয়নপত্র বাছাইয়ে অবৈধ ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দাখিলকৃত মনোনয়ন বাছাইয়ের প্রথম দিনে রংপুর-১ ও রংপুর-২ আসনে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই যাচাই-বাছাইয়ে জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গঙ্গাচড়া ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-১ আসনে এবার ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আটজন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। তথ্য অসম্পূর্ণ থাকায় বাদ পড়েন সদ্য জাতীয় পার্টিতে যোগ দেওয়া ব্যারিস্টার মঞ্জুম আলী।
রংপুর-১ আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর আহসানুল আরেফিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মোকাররম হোসেন সুজন, গণঅধিকার পরিষদের হানিফ খান সজিব ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আল মামুন।
অপরদিকে, রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আজিজুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আশরাফ আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রার্থিতা বাতিল হওয়ায় ব্যারিস্টার মঞ্জুম আলী সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তার নির্দেশিকা মোতাবেক তিনি সবকিছু দাখিল করেছিলেন। তাঁর দাবি, হলফনামায় দ্বৈত নাগরিকের যে তথ্য দেওয়া আছে, সেখানে অসাবধানতাবশত নাগরিক হওয়ার তারিখের ঘরটিতে টিক চিহ্ন দেওয়া হয়নি। এই ছোটখাটো ত্রুটির জন্য তথ্য অসম্পূর্ণ দেখিয়ে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে, যা তাৎক্ষণিক সংশোধনের সুযোগ ছিল। প্রার্থিতা ফিরে পেতে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান।
রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান জানান, জেলার ছয়টি আসনের মধ্যে প্রথম দিনে রংপুর-১ আসনে ৯ প্রার্থীর মধ্যে একজনকে চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। ওই প্রার্থীর দ্বৈত নাগরিকের তথ্য অসম্পূর্ণ থাকায় বিধি মোতাবেক তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। তবে আদালতে আপিলের মাধ্যমে ওই প্রার্থীর বিষয়টি সংশোধন করার সুযোগ আছে।
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং আচরণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।