বগুড়ার গাবতলী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে সংঘর্ষ থামাতে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আবু বক্কর সিদ্দিকের মাথা ও ঘাড়ে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা হলেন—দৃষ্টি (১৫), সেফা (৩৫) ও জেমি আক্তার (৩৮)। তারা একই এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের মেয়ে হিমা আক্তার অভিযোগ করেন, জমি-সংক্রান্ত একটি মামলায় তার বাবা সাক্ষী ছিলেন। ওই মামলার জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, জমি বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।