সীতাকুণ্ডে পুরাতন জাহাজের মালামালের মার্কেটে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

0
35

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট সংলগ্ন এলাকায় একটি পুরাতন জাহাজের মালামাল বিক্রির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে এবং এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁও পাম্পসংলগ্ন ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ভাষ্যমতে, একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা পুরাতন জাহাজের যন্ত্রাংশ ও অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের তীব্রতার কারণে রাত সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট এবং চট্টগ্রাম নগরীর বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা যাবে। প্রাথমিকভাবে ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণে আরও সময় লাগবে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।