অস্ট্রেলিয়া পাঠানোর নামে ৯৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

0
16
অস্ট্রেলিয়া পাঠানোর নামে ৯৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ভূয়া মোবাইল অ্যাপ ব্যবহার করে অস্ট্রেলিয়া পাঠানোর টোপ দিয়ে ৯৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ মানবপাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর মিরপুর-১ নম্বরে পাইকপাড়ায় র‍্যাব-৪ ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. তারেকুল ইসলাম (৪৫), মো. মাইনুদ্দিন ভূইয়া (৪৮), মো. নেওয়াজ (৪৫) এবং আবু হাসান (৪৮)। র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম জানান, টিআই ট্রেডিং কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান খুলে আসামিরা দীর্ঘদিন ধরে ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় লোক পাঠানোর নামে প্রতারণা করে আসছিল। চক্রটি ‘এশিয়া ব্যাংক টিআর গ্রুপ’ নামের একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন সম্পন্ন করত।

তদন্তে জানা গেছে, এই চক্রটি প্রযুক্তির অপব্যবহার করে একটি ভুয়া মোবাইল অ্যাপ তৈরি করেছিল। সাধারণত অস্ট্রেলিয়ান ভিসা প্রাপ্তির পর তা হাইকমিশনের ওয়েবসাইটে যাচাই করা যায়। আসামিরা ভুক্তভোগীদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে ভুয়া ভিসা সংক্রান্ত নথিপত্র দেখিয়ে ব্যক্তি প্রতি ২১ লাখ টাকা করে দাবি করত। শরীফ মোল্লা নামে এক ভুক্তভোগী তার স্বজনদের পাঠানোর জন্য মোট ৯৪ লাখ টাকা ও পাসপোর্ট জমা দিয়ে প্রতারণার শিকার হন।

ভুক্তভোগীরা যখন জাল ভিসা ও টিকিট নিয়ে ইমিগ্রেশন প্রক্রিয়ায় যান, তখন কর্তৃপক্ষ তাদের জানায় যে সমস্ত কাগজপত্রই ভুয়া। এ ঘটনার পর পল্লবী থানায় মামলা হলে র‍্যাব-৪ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সোমবার উত্তরার কাওলাবাজার ও যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা তারেকুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here