ইরানে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদ ও নিন্দা জানাতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) দেশটির বিভিন্ন শহরে এসব কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছে সিএনএন।
যুদ্ধ ও দখলদারিত্ববিরোধী সংগঠন অ্যানসার কোয়ালিশন সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবারকে ‘ইরান যুদ্ধ বন্ধ করো’ স্লোগানে জাতীয় প্রতিবাদ দিবস হিসেবে ঘোষণা করেছিল। তাদের ওয়েবসাইটে সারা দেশে আয়োজিত অসংখ্য বিক্ষোভ কর্মসূচির তালিকা প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, তীব্র শীত উপেক্ষা করে বোস্টনবাসীরা রাস্তায় নেমে আসেন এবং ‘অনৈতিক ও বিপজ্জনক যুদ্ধের’ বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে বিশাল সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ পদযাত্রা করেন। তাদের ব্যানার ও পোস্টারে ‘এখনই ইরান থেকে হাত গুটিয়ে নাও’ স্লোগান দেখা যায়।
তবে টাইমস স্কয়ার এলাকায় ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে কয়েক ডজন ইরানি-আমেরিকান নাগরিক ইরানের সর্বোচ্চ নেতার নিহত হওয়ার খবরে সমর্থন জানিয়ে শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতে জড়ো হন। এক বিক্ষোভকারী টিনা রাহভার বলেন, নিজের মাতৃভূমি আক্রান্ত হলে কেউ খুশি হয় না, কিন্তু একটি দেশের জনগণ যদি বোমা হামলার জন্য আকুতি জানায়, তবে সেখানে বড় সমস্যা রয়েছে।
লস অ্যাঞ্জেলেসেও হামলার বিরুদ্ধে র্যালি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ‘ইরানে কোনো যুদ্ধ নয়’ স্লোগানে মার্কিন সামরিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। এছাড়া শিকাগো, পোর্টল্যান্ড এবং ম্যাডিসন শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।