রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে এই প্রাণহানির ঘটনা ঘটে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে।
শনিবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে তিন শিশু। বর্তমানে হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে মোট ১৪৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই রোগের প্রকোপ দেখা দেওয়ার পর থেকে এ পর্যন্ত উপসর্গ নিয়ে মোট ৩৭৭ জন শিশু রামেক হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে, যা জনমনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। ক্রমাগত রোগী বাড়তে থাকায় চিকিৎসকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।