লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

0
28
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার ভোররাতে ওই সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ওই সীমান্ত এলাকা দিয়ে একদল চোরাকারবারি ভারতীয় গরু পারাপারের চেষ্টা করছিল। এ সময় ভারতের ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফের সাতগ্রাম ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন।

৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর আলী হোসেনের মরদেহ বিএসএফ সদস্যরা টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সীমান্তে একজন বাংলাদেশি নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিজিবি প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাংলাদেশি নিহতের ঘটনায় আমরা ভারতীয় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here