কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে ছাই

0
25
কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ ডিভাইন কারখানার পাশে স্থানীয় এক চিকিৎসকের মালিকানাধীন কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কলোনির একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ঘরগুলো টিনসেড ও ভেতরে দাহ্য উপকরণ থাকায় মুহূর্তেই আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় তারা ব্যর্থ হন। ফলে পুরো কলোনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার ফাইটারদের প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ২০টি ঘর এবং ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান মালামাল ভস্মীভূত হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে। সহায়-সম্বল হারিয়ে তারা এখন প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তার দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here