ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

0
3
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্যসহ মোট আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দ্বীপটির ঘন জঙ্গলে এ দুর্ঘটনা ঘটে। খবর জিও নিউজের

স্থানীয় প্রতিষ্ঠান ম্যাথিউ এয়ার নুসান্তারার মালিকানাধীন এয়ারবাস হেলিকপ্টারটি এদিন সকালে পশ্চিম কালিমান্তান প্রদেশে উড্ডয়নের প্রায় পাঁচ মিনিট পরই বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হারায়।

বেসামরিক বিমান চলাচল বিভাগের মহাপরিচালক লুকমান এফ লাইসা এক বিবৃতিতে জানান, হেলিকপ্টারটিতে থাকা আটজনই পুরুষ এবং তাদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক ছিলেন। তিনি বলেন, ‘যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী যাত্রী ও ক্রু সদস্য সকলেই নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।’

উদ্ধারকারীরা বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেন। দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আই মাডে জুনেত্রা জানান, দুর্ঘটনাটি একটি ঘন বনাঞ্চল ও খাড়া ঢালযুক্ত এলাকায় ঘটেছে। নিহতদের মরদেহ নেয়া হচ্ছে প্রাদেশিক রাজধানী পন্তিয়ানাকে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তৃত দ্বীপপুঞ্জ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপ রয়েছে। এসব অঞ্চলের মধ্যে যোগাযোগ রক্ষায় বিমান পরিবহনের ওপর দেশটি ব্যাপকভাবে নির্ভরশীল। তবে, দেশটির বিমান চলাচলের নিরাপত্তা রেকর্ড বেশ দুর্বল। সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

সূত্র: জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here