আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক দেশই ইতোমধ্যে জ্বালানির দাম সমন্বয় করেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই তুলনায় বাংলাদেশে এখনও আমদানিকৃত জ্বালানির প্রকৃত খরচের চেয়েও কম দামে সরবরাহ করা হচ্ছে।
এর আগে শনিবার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এ সিদ্ধান্তের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, যুদ্ধপরবর্তী পরিস্থিতিতে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করে যে মজুত গড়ে তোলা হয়েছে, তার তুলনায় বর্তমান মূল্য সমন্বয় সহনীয় পর্যায়েই রাখা হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তাই অর্থনৈতিক ভারসাম্য রক্ষা এবং জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে এই মূল্য সমন্বয় অনিবার্য হয়ে পড়েছে। সরকারের লক্ষ্য হলো পরিস্থিতি বিবেচনায় রেখে সাধারণ মানুষের জন্য জ্বালানির দাম সহনীয় পর্যায়ে রাখা।