কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে অস্ত্রসহ ‘ডন রাসেল’ আটক 

0
15
কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে অস্ত্রসহ ‘ডন রাসেল’ আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ মো. রাসেল (৩৬) ওরফে ‘ডন রাসেল’ নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৫ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটক রাসেল টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেলের বিরুদ্ধে মাদক ব্যবসা, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এলাকায় আধিপত্য বিস্তারে অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি করতেন তিনি।

তার বিরুদ্ধে মাদক, মানবপাচার ও অস্ত্র সংক্রান্ত আটটি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে। এর আগে একাধিকবার ইয়াবাসহ তাকে আটক করেছিল পুলিশ।

আটক ব্যক্তি ও জব্দ করা অস্ত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোস্ট গার্ড জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here