বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এলএনজি ও পেট্রোকেমিক্যাল কেন্দ্র কাতারের রাস লাফান শিল্প শহরে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণে রাজধানী দোহাসহ বিভিন্ন স্থানে ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। অনেকে এটিকে ভূমিকম্প বা আবারও নতুন করে হামলা ভেবে বসেন। খবর গালফ নিউজ ও সিনহুয়ার।
সর্বশেষ জানা গেছে, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৪ জন। অন্যদিকে নিখোঁজ রয়েছেন ১৮ জন। আহতদের উদ্ধার এবং নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে জোরদার অভিযান চালাচ্ছে কাতারের বিশেষ বাহিনী।
ফুটেজে দেখা গেছে, রাতের আকাশে একটি বিশাল অগ্নিগোলক ও ঘন কালো ধোঁয়া উঠছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, এই বিস্ফোরণের কম্পন সুদূর বাহরাইন পর্যন্ত অনুভূত হয়েছে।
কাতারের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও তারা নিশ্চিত করেছে।
অন্যদিকে, কাতার এনার্জি জানিয়েছে যে বারজান গ্যাস প্ল্যান্টের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনাটি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, কারণ বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশ রাস লাফান থেকে আসে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র, ইরান, কাতার ও অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই বিস্ফোরণটি ঘটল।
কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কাতারের বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানের ভেতরে টেকনিক্যাল ত্রুটির কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে এখনও দুর্ঘটনাস্থলের বাইরে গ্যাস বা কোনও বিপদজনক পদার্থ লিক হয়ে ছড়িয়ে পড়েনি। ঘটনার কিছুক্ষণ পরই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর জানায় কাতার পুলিশ।